মধুপুরে নিজের পোস্টার নিজেই অপসারণ করলেন অধ্যক্ষ মোন্তাজ আলী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ২:৪৪ অপরাহ্ণ
মধুপুরে নিজের পোস্টার নিজেই অপসারণ করলেন অধ্যক্ষ মোন্তাজ আলী

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা জারির পর টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোন্তাজ আলী তার নির্বাচনি এলাকার সব ধরনের ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিজ উদ্যোগে অপসারণ করেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে মধুপুর পৌরসভা পয়েন্টে দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী নিজ হাতে পোস্টার খুলে ফেলেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীদের নিজ খরচে সব ধরনের নির্বাচনি প্রচারসামগ্রী অপসারণের নির্দেশনা দেয়।

ইসির ওই নির্দেশনার আলোকে শুক্রবার সকাল থেকেই অধ্যক্ষ মোন্তাজ আলী মধুপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঝুলিয়ে রাখা তার নির্বাচনি পোস্টার ও ব্যানার খুলতে শুরু করেন। তিনি জানান, মধুপুর ও ধনবাড়ী উপজেলার সব এলাকায় থাকা তার প্রচারণা সামগ্রী আজকের মধ্যেই সরিয়ে ফেলা হবে।

এ বিষয়ে অধ্যক্ষ মোন্তাজ আলী বলেন, নির্বাচনি তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের পোস্টার ও ব্যানার সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু দেশে নতুন আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তাই আইন মেনে আমরা নিজেরাই আমাদের পোস্টার অপসারণ করছি।

সংবাদটি banglaralonews.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।