সখীপুরে প্রবাসী রুবেলের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ, মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৪:১২ অপরাহ্ণ
সখীপুরে প্রবাসী রুবেলের বিরুদ্ধে জমি দখল ও হয়রানির অভিযোগ, মানববন্ধন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার লন্ডন প্রবাসী রুবেলের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের জমি দখল ও স্থানীয় লোকজনকে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার বিকেল ৪টার দিকে পৌরসভার ৯ নং ওয়ার্ডের মাঝিপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আশেপাশের এলাকার কয়েক’শ নারী-পুরুষ অংশ নেন। এ-সময় উপস্থিত সাধারণ মানুষ রুবেলের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, দীর্ঘদিন যাবৎ রুবেল ও তার পরিবার এই মহল্লার মানুষকে নানাভাবে হয়রানি ও নির্যাতন করে আসছে।

এলাকাবাসী জানান, গত কিছু দিন ধরে তাদের মহল্লার প্রায় ৩০০ পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বিভিন্ন দপ্তরে ভিত্তিহীন অভিযোগ করে পৌরসভার রাস্তার জমি নিজের দাবি করে চলাচলে বাধা দিচ্ছে। সম্প্রতি ৬ ফুটের ইট সলিংয়ের এই রাস্তা তুলে নেওয়ার হুমকি দেয় তার পরিবার। স্থানীয় বাসিন্দা মুক্তি বেগম বলেন, রুবেল লন্ডন থেকে মাঝেমধ্যে দেশে এসে অকথ্য ভাষায় গালি-গালাজ ও হুমকি দেন।

মানববন্ধনে অংশ নেওয়া হিন্দু সম্প্রদায়ের অখিল জানান, রাস্তাটি তাদের পৈত্রিক জমির উপর দিয়ে গেছে। এই রাস্তার জায়গায় রুবেলের কোনো জমি নেই। তার ক্রয়কৃত বিরোধপূর্ণ ১২ শতাংশ জমি তাদের পৈত্রিক সম্পত্তি। ইতিমধ্যেই ওই জমির উপর মামলা করে আদালতের রায় পেয়েছেন তারা। মানুষের দুর্ভোগ লাঘবে রাস্তার ব্যাপারে তাদের ওয়ারিশগণের কারও কোনো আপত্তি নেই। রুবেলের মা আঙ্গুরী বেগম কথায় কথায় সবাইকে বস্তিবাসী বলে তুচ্ছতাচ্ছিল্য করেন। তিনি আরও অভিযোগ করেন, রুবেল ও তার পরিবার তাদের বাপ-দাদার ভিটে থেকে উচ্ছেদ করে ভারত পাঠিয়ে দেবে বলে হুমকি দেন।

হামিদ নামে এক ব্যবসায়ী বক্তৃতায় বলেন, রুবেল লন্ডন বসে ‘হৃদয়ে সখীপুর’ সহ বিভিন্ন বেনামী ফেক ফেসবুক আইডি খুলে এলাকার স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির সম্মানীয় ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর, বানোয়াট ও মিথ্যা পোস্ট করে মানহানিসহ তথ্য সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে রুবেল ও তার পরিবারের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। এ সময় উপজেলা বিএনপি নেতা নুরুল ইসলাম নুরু তার বক্তব্যে বলেন, প্রশাসন অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। মানববন্ধন চলাকালে সখীপুর -কালিদাস রোডের ৯ নং ওয়ার্ডের মাঝি এলাকায় রাস্তার দু-পাশে মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের চাপে তীব্র যানজটের সৃষ্টি হতে দেখা যায়।

সংবাদটি pkagoj.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।