মধুপুরের বংশাই নদীতে প্রাণবন্ত পলো উৎসব
টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইল উপজেলাজুড়ে প্রবাহিত ঐতিহ্যবাহী বংশাই নদীতে আবারও অনুষ্ঠিত হলো মৎস্য শিকারীদের বহুল প্রচলিত পলো উৎসব। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মলকা গ্রামের বংশাই নদীর মলকা দহও এলাকা থেকে এ উৎসবের সূচনা হয়।
নদী, খাল, বিল ও বিভিন্ন জলাশয় থেকে মাছ আহরণের শত বছরের ঐতিহ্য ধরে রাখার অংশ হিসেবে আয়োজিত এ উৎসবে মধুপুর উপজেলার পাশাপাশি ঘাটাইল ও ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন গ্রামের কয়েকশ’ মৎস্য শিকারী অংশ নেন।
উৎসব চলাকালে বংশাই নদীর দুই তীরে সারিবদ্ধভাবে নেমে পড়েন মাছ ধরার কাজে অভ্যস্ত শিকারীরা। পলো, সিজাল, পাইনজালসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে তারা ব্যস্ত সময় কাটান মাছ আহরণে। এ সময় নদী থেকে বোয়াল, রুই, মিনর কার্প, তেলাপিয়া, শরপুটি সহ নানা প্রজাতির মাছ ধরা পড়ে।
মৎস্য শিকারীরা জানান, প্রতিবছরের মতো এবারও তারা বংশাই নদী ও আশপাশের সরকারি বিল ও জলাশয়ে মাছ ধরতে এসেছেন। তবে আগের তুলনায় বিল ও পানির পরিমাণ কমে যাওয়ায় মাছের প্রাচুর্যও কমেছে। তবুও পলো দিয়ে মাছ ধরা তাদের কাছে একটি উৎসবমুখর আনন্দ, যা তারা প্রতিবছরই পালন করেন এবং যা গ্রামীণ বাংলার ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ।
মাছ ধরতে ধরতেই শিকারীরা শেষে ঘাটাইল উপজেলার লাহিড়ী বাড়ি এলাকায় গিয়ে এ পলো উৎসবের সমাপ্তি ঘটান ৷






আপনার মতামত লিখুন
Array