দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের নেতৃত্ব অপরিহার্য : টুকু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের নেতৃত্ব অপরিহার্য : টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবারের নেতৃত্ব অপরিহার্য। ১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণতন্ত্র রক্ষার আন্দোলন পর্যন্ত জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশের জনগণ সব ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।’

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা শ্রমিক ফেডারেশনের আয়োজনে ঐতিহাসিক বিজয় উৎসবে প্রধান বক্তার হিসেবে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, ‘স্বাধীনতাযুদ্ধের পর থেকে বাংলাদেশে চারটি বড় ঐতিহাসিক আন্দোলন সংঘটিত হয়েছে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লবেও তার নেতৃত্ব ছিল, যার মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়। ১৯৯০ সালের গণ-আন্দোলনে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সর্বশেষ ২০২৪ সালের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জিয়া পরিবারের যোগ্য উত্তরসূরি তারেক রহমান।

প্রতিটি আন্দোলনের বিজয়ের পেছনে শহীদ জিয়াউর রহমানের পরিবার ও বিএনপি মুখ্য ভূমিকা পালন করেছে।’
টুকু আরো বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা বাংলাদেশের মানুষের বহু আকাঙ্ক্ষিত নির্বাচন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নিজেদের পছন্দের সরকার গঠন থেকে বঞ্চিত হয়েছে।

ফলে মানুষ তাদের ভোটাধিকার ও নাগরিক অধিকার হারিয়েছে। তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না; বিএনপি রাজনীতি করে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। জনগণকে সঙ্গে রাখতে হবে। বিএনপি জনগণের দল।’
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক শ্যামল হোডের সভাপতিত্বে ও সদস্যসচিব উদয় লাল গৌড়ের সঞ্চালনয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট আলী ইমাম তপন ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক প্রমুখ।