টাঙ্গাইল-৫ আসনে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবিতে জনসভা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ণ
টাঙ্গাইল-৫ আসনে ফরহাদ ইকবালকে মনোনয়ন দেওয়ার দাবিতে জনসভা

টাঙ্গাইল-৫ (সদর) আসনে ফরহাদ ইকবালকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের গোলচত্বর বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়ন প্রত্যাশী ফরহাদ ইকবাল।

মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান নবীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ এবং শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে একটি সিন্ডিকেট টাঙ্গাইল সদর আসনসহ বেশ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করেছে।

তারা মনে করেন, বর্তমান পরিস্থিতিতে এভাবে মনোনয়ন ঘোষণা করা সমীচীন হয়নি। বিশেষ করে টাঙ্গাইল সদরের বাসিন্দা কাউকে মনোনয়ন না দিয়ে সুলতান সালাউদ্দিন টুকুকে প্রার্থী করায় তৃণমূলের নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ।

তৃণমূলের এই অসন্তোষ নিরসনে এবং জনমানুষের আকাঙ্ক্ষা রক্ষায় দ্রুত মনোনয়ন পরিবর্তন করে ফরহাদ ইকবালকে টাঙ্গাইল-৫ আসনে মনোনয়ন দেওয়ার জোরালো আহ্বান জানান বক্তারা। জনসভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।