ঘাটাইলে ঘন কুয়াশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
ঘাটাইলে ঘন কুয়াশায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২২

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ২২ যাত্রী।

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুর নামক স্থানে শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা হলে তাদের কয়েকজন জানায়, ঘন কুয়াশার মধ্যেই ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বিনিময় পরিবহনের একটি বাস উপজেলার গুণগ্রাম হরিপুর এলাকায় পৌঁছালে প্রান্তিক পরিবহনের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুই বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এই ঘটনায় দুই বাসের কমপক্ষে ২২ জন আহত হন।

Google News গুগল নিউজে প্রতিদিনের বাংলাদেশ”র খবর পড়তে ফলো করুন

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকছেদুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করেছেন। আহত ২২ জনের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড় দেওয়া হয়েছে। গুরুতর আহত ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল, ময়মনসিংহ ও ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ঘাটাইল সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসায় সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।