নাগরপুরে শীতার্তদের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৪:২২ অপরাহ্ণ
নাগরপুরে শীতার্তদের মাঝে প্রশাসনের কম্বল বিতরণ

টাঙ্গাইলের নাগরপুরে হাড়কাঁপানো শীতে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে সরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার সকালে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে পরিষদ প্রাঙ্গণে কয়েকশ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরফান উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তীব্র শীতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি অগ্রাধিকারমূলক মানবিক উদ্যোগ। প্রকৃত হকদারদের কাছে এই সহায়তা পৌঁছে দিতে স্থানীয় প্রশাসন ও ইউনিয়ন পরিষদ একযোগে কাজ করছে। শীতের এই পুরো মৌসুমে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, এর আগে গত ২৭ ডিসেম্বর রাতে নাগরপুর থানা ব্রিজ ও আশ্রয় প্রকল্প সংলগ্ন এলাকায় ভাসমান মানুষদের মাঝেও প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।

রোববারের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউর রহমান জোয়ার্দ্দার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. আইয়ুব আলী মির্জা এবং স্থানীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

শীতবস্ত্র বিতরণকালে ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের অসহায় মানুষের সঠিক তালিকা প্রণয়ন করে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই সহায়তা দেওয়া হচ্ছে। হাড়কাঁপানো শীতে সরকারি এই উপহার পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেছেন এবং প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

ইএইচ