টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র দাখিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলীর মনোনয়নপত্র দাখিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

রোববার বিকেল সাড়ে ৪টায় তিনি মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. জুবায়ের হোসেনের কাছে তার মনোনয়নপত্র হস্তান্তর করেন।

দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই নেতা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান এবং শোলাকুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান হবি।

এছাড়াও সাবেক বিএনপি সদস্য আনোয়ার হোসেন, ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার মনি এবং সাবেক যুবনেতা আব্দুর রহমান আব্দুলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের একাংশের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট মোহাম্মদ আলী জানান, এলাকার মানুষের দাবির মুখে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল রাখতে তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই আসনে এর আগে দুপুরে বিএনপির অফিসিয়াল প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন মনোনয়নপত্র জমা দেন। ফলে টাঙ্গাইল-১ আসনে বিএনপির দুই নেতার অংশগ্রহণে নির্বাচনী লড়াইয়ে এক নতুন সমীকরণ তৈরি হলো।