ঘাটাইলে অভিমানে গলা কেটে বৃদ্ধের আত্মহত্যা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ণ
ঘাটাইলে অভিমানে গলা কেটে বৃদ্ধের আত্মহত্যা

টাঙ্গাইলের ঘাটাইলে নূরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিজের গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে অভিমান এবং নিঃসঙ্গতার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের আবেদ আলী মার্কেটের পাশের জঙ্গলে গলাকাটা অর্ধমৃত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা।

নিহত নুরুল ইসলাম ময়মনসিংহ মুক্তাগাছা থানার ডাউগাঁও ইউনিয়নের কোকাডাঙা গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে বলে জানা যায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বিষয়টি জানার পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিকে গলাকাটা অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। প্রথমে সাগরদিঘী ট্রমা হাসপাতাল এবং পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে গোলাপ হোসেন জানান, আমার বাবা একজন দিনমজুর। তিনি দুই বিয়ে করেন। আমার প্রথম মা মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। পরের স্ত্রীও ডিভোর্স দেন বাবাকে। এসব নিয়ে বাবা সবসময় ডিপ্রেশনে সময় কাটাতেন। গত কয়েক দিন আগে পরিবারের সাথে রাগ করে বাড়ি থেকে চলে যান। পরে ফেসবুকের মাধ্যমে বাবার দুর্ঘটনার বিষয়টি জানতে পারি। অভিমান করে আত্মহত্যা করেছেন বলে গোলাপ হোসেন জানান।

মুক্তাগাছা থানার কোকাডাঙা গ্রামের ইউপি সদস্য নাসির উদ্দিন জানান, নুরুল ইসলাম আমার এলাকার একজন দরিদ্র কৃষক। পরিবারের সাথে অভিমান করে মোবাইল ফোন বাড়িতে রেখে চলে যান। তিনি নিঃসঙ্গ জীবনযাপন করতেন। অভিমান করে হয়তো আত্মহত্যা করেছেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখছেদুর রহমান বলেন, “অর্ধেক গলাকাটা অবস্থায় এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা।