মধুপুরে গারো নেতা পীরেন স্নালের মৃত্যুবার্ষিকী পালিত
বনরক্ষীদের গুলিতে টাঙ্গাইলের মধুপুরে গারো নেতা পীরেন স্নাল নিহতের ২২ বছর পূর্ণ হয়েছে। ২০০৪ সালের ৩ জানুয়ারি মধুপুরে ইকোপার্কবিরোধী আন্দোলনের সময় বনরক্ষীদের গুলিতে তিনি নিহত হন।
এ উপলক্ষে মধুপুরে পীরেন স্নালের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে গারো সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন।
পরে জয়নাগাছা স্কুল প্রাঙ্গণে আবিমা গারো ইয়ুথ অ্যাসোসিয়েশন (আজিয়া) কেন্দ্রীয় কমিটির আয়োজনে শনিবার (৩ জানুয়ারি) স্মরণসভা ও পীরেন স্নাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় বক্তারা পীরেন স্নালের হত্যার বিচার নিশ্চিত করার পাশাপাশি সমতলের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সমস্যার সমাধানে ভূমি কমিশন গঠনের দাবি জানান।
স্মরণসভায় বক্তব্য দেন আবিমা গারো ইয়ুথ অ্যাসোসিয়েশন (আজিয়া) কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল মানখিন, সাবেক সভাপতি মিঠুন হাগিদক, জয়নাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুভানুশ দালবৎ, টিডব্লিউএ মধুপুর উপজেলা শাখার সভাপতি উৎপল রেমা, বাগাছাস মধুপুর উপজেলা শাখার সাবেক সভাপতি বিজয় হাজং, জয়নাগাছা সীমসাকবো যুব সংগঠনের সভাপতি রাটুস দালবৎ, গারো স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (গাসু) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সম্পদ নকরেক, মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিমালয় চিরানসহ আরও অনেকে।
স্মরণসভার আলোচনা শেষে বিকেলে পীরেন স্নাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে সাধুপাড়া একাদশ ও পীরগাছা একাদশ অংশ নেয়। খেলায় পীরগাছা একাদশ ১-০ গোলে সাধুপাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
উল্লেখ্য, ২০০৪ সালের ৩ জানুয়ারি মধুপুরের জালাবাদা এলাকায় বন বিভাগের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগের প্রতিবাদে স্থানীয়দের মিছিলে বনরক্ষী ও পুলিশ গুলি চালায়। এতে গারো যুবক পীরেন স্নাল নিহত হন এবং আরও প্রায় ৩০ জন আহত হন। এ ঘটনার পর পীরেন স্নালের বাবা নেজেন নকরেক একটি হত্যা মামলা দায়ের করলেও পরবর্তীতে আদালত মামলাটি খারিজ করে দেন।






আপনার মতামত লিখুন
Array