মধুপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
মধুপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান মনি। এছাড়াও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আ. হামিদ, বড়বাইদ এতিমখানার সুপার ঈমান আলী, মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান খোকাসহ বিভিন্ন এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জুবায়ের হোসেন বলেন, দেশের অনগ্রসর, দুস্থ, অসহায় এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ৬টি দুরারোগ্য ব্যাধিসহ ৫৪টি চলমান জনহিতকর প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারের এই লজিস্টিক সাপোর্টের প্রশংসা করেন।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান আরও উন্নত করতে কামার, কুমার, তাঁতি, জেলে, ধোপা, নাপিত ও নকশীকাঁথা শিল্পীসহ ১০টি নির্দিষ্ট পেশার মানুষের জন্য বিশেষ প্রশিক্ষণ ও অর্থায়নের বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নির্দিষ্ট বয়সসীমার আওতায় এই প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।