গোপালপুরে নারুচী গ্রামে একদিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
গোপালপুরে নারুচী গ্রামে একদিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মানবসেবার মহান ব্রত নিয়ে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নারুচী গ্রামে অনুষ্ঠিত হয়েছে একদিনব্যাপী বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প।

উপজেলার নারুচী গ্রামে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

“মজলুম জননেতা এডভোকেট আব্দুস সালাম পিন্টু ফ্রি মেডিক্যাল ক্যাম্প”শীর্ষক এ আয়োজনে চিকিৎসক হিসেবে রোগী দেখেন সেনা কম্বাইন্ড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ।
দিনব্যাপী এ ক্যাম্পে শিশু, নারী, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিশেষ করে গ্রামীণ ও অসহায় মানুষের জন্য এ উদ্যোগ ছিল অত্যন্ত সময়োপযোগী ও মানবিক। মেডিক্যাল ক্যাম্পটি আয়োজন করা হয় নারুচী মীর বাড়ি মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে। ক্যাম্পের সার্বিক আয়োজন করেন মীর নাজমুল হক জামিল, সহ-সাধারণ সম্পাদক, হেমনগড় ইউনিয়ন বিএনপি ও শাহ আলম খান রিপন, প্রতিষ্ঠাতা পরিচালক, সেনা কম্বাইন্ড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, টাঙ্গাইল।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অসচ্ছল মানুষ যাতে সহজেই চিকিৎসা সেবা পেতে পারে- সেই লক্ষ্যেই এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীরা জানান, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা অত্যন্ত উপকৃত হয়েছেন। অনেকেই এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এলাকাবাসীর মতে, এ ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প গ্রামীণ জনপদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং মানবসেবার ক্ষেত্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

সংবাদটি tangaildarpan.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।