মধুপুরে মানবতার মেলবন্ধন গ্রুপের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ
মধুপুরে মানবতার মেলবন্ধন গ্রুপের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলের মধুপুরে ‘চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে’ স্লোগানকে সামনে রেখে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে অরাজনৈতিক সেবামূলক অনলাইন প্ল্যাটফর্ম ‘মানবতার মেলবন্ধন’ হোয়াটসঅ্যাপ গ্রুপের উদ্যোগে পৌর এলাকার মালাউড়ীতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৫ শতাধিক শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। বিশিষ্ট ব্যবসায়ী মো. সেকান্দর আলীর সভাপতিত্বে এবং গ্রুপের অ্যাডমিন মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মো. দুলাল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক পিএলসি-র প্রিন্সিপাল অফিসার মো. শফিকুল ইসলাম, জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার মো. কামরুল হাসান, ব্যবসায়ী মো. আতিকুর রহমান আলমগীর এবং শিক্ষক মো. রফিকুল ইসলামসহ স্থানীয় সংবাদকর্মীরা।

বক্তারা বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের শীতের কষ্ট থেকে রক্ষা করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। মানবতার মেলবন্ধন গ্রুপের পক্ষ থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বৃদ্ধি করা হবে বলেও জানান উদ্যোক্তারা।