মুছাব্বির হত্যার ঘটনায় টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
মুছাব্বির হত্যার ঘটনায় টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু।

বিক্ষোভ মিছিলটি শহরের শহীদ মিনার থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডের হবিবুর রহমান প্লাজার সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় নেতাকর্মীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও’, ‘আমরা সবাই মুছাব্বির হবো’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম খান ঝলক ও সদস্যসচিব সালেহ আহমেদ শাফী ইথেনসহ প্রমুখ।

বিক্ষোভ মিছিলে জেলা, সদর উপজেলা ও শহর শাখা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।