সখিপুর-বাসাইল আসনে স্বতন্ত্র প্রার্থীকে কৃষক শ্রমিক জনতা লীগের সমর্থন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীরকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কৃষক শ্রমিক জনতা লীগ। দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এ ঘোষণা দিয়ে স্থানীয় নেতাকর্মীদের তার পক্ষে নির্বাচনী প্রচারণায় সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার সন্ধ্যায় সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের সিদ্দিকী।
কাদের সিদ্দিকী বলেন, এবারের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খান মুক্তিযোদ্ধাদের নিয়ে কটাক্ষমূলক বক্তব্য দিয়েছেন। তার সমর্থকদের বিরুদ্ধে সখীপুরের বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবীবের ওপর হামলার অভিযোগও তোলেন তিনি। এ ছাড়া গত রমজান মাসে কৃষক শ্রমিক জনতা লীগের ইফতার মাহফিল করতে না দেওয়ার ঘটনাকেও আহমেদ আযম খানের বিরোধিতার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘আমরা তারেক রহমানের পক্ষে জাতীয় রাজনীতিতে অবস্থান নিলেও এই আসনে আহমেদ আযম খানের বিরোধিতা করব। তিনি এমপি হলে সখীপুর–বাসাইলের উন্নয়ন হবে না, বরং এলাকার ও আমাদের দলের ক্ষতি হবে। সে কারণে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর এমপি হলে অন্তত আমাদের ক্ষতি হবে না।’ জামায়াতে ইসলামী প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, তাদের সঙ্গে থাকার কোনো সুযোগ নেই।
মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য জামায়াতে ইসলামী সঠিকভাবে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের বিষয়ে অবস্থান পরিবর্তনের প্রশ্নও আসে না। আলোচনার একপর্যায়ে তিনি শেখ হাসিনার রাজনৈতিক পতন নিয়ে মন্তব্য করে বলেন, ‘আল্লাহকে না মানার কারণেই তার পতন হয়েছে।’ একই সঙ্গে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে বলেন, শুরুতে সেই আন্দোলনকে সমর্থন করলেও বর্তমানে তারা আর সমর্থন দিচ্ছেন না।
উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মীসভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, গাজীপুর জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুর রহমান, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার, কালিহাতী উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ইথার সিদ্দিকী এবং বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রাহাত খান টিপু।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ দলীয়ভাবে অংশ নিচ্ছে না। এরই মধ্যে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন দল থেকে অব্যাহতি নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খানের পক্ষে ভোট চাওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। (ঢাকা টাইমস/১০জানুয়ারি/এসএ)






আপনার মতামত লিখুন
Array