গোপালপুরে জেলা পরিষদের ডাকবাংলো মরণফাঁদ ঝুঁকি নিয়ে রাতযাপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ণ
গোপালপুরে জেলা পরিষদের ডাকবাংলো মরণফাঁদ ঝুঁকি নিয়ে রাতযাপন

টাঙ্গাইলের গোপালপুরে জেলা পরিষদের ডাকবাংলোটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। ষাটের দশকে নির্মিত এই ভবনটি সংস্কারের অভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়লেও সেখানেই নিরুপায় হয়ে রাত কাটাতে হচ্ছে সরকারি কর্মকর্তা ও অতিথিদের। যেকোনো সময় ভবনটি ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, ১৯৬২ সালে নির্মিত এই বাংলোর ছাদ ও পিলারে বড় বড় ফাটল দেখা দিয়েছে। বর্ষায় ছাদ চুইয়ে পানি পড়ে, আর পলেস্তারা খসে পড়ার ভয়ে মিলনায়তন ও ডাইনিং রুম পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সীমানা প্রাচীর নিচু হওয়ায় ভেতরে গবাদিপশু ও মাদকসেবীদের আনাগোনা বেড়েছে। জরাজীর্ণ বাথরুম আর ভাঙা জানালার কারণে নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি চরমে। কেয়ারটেকার আনিছুর রহমান জানান, এক যুগ ধরে প্রয়োজনীয় সাবান, টিস্যু বা হারপিক সরবরাহ নেই। ২০১৮ সালের পর মেলেনি নতুন চাদর বা তোষক। অভিযোগ রয়েছে, তিন বছর আগে সংস্কারের জন্য ১৫ লাখ টাকা বরাদ্দ হলেও নামমাত্র চুনকাম ও কয়েকটি খাট দিয়েই দায়িত্ব শেষ করেছেন এক প্রভাবশালী ঠিকাদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান জানান, শহরে কোনো ভালো আবাসিক হোটেল না থাকায় বদলি হয়ে আসা কর্মকর্তা ও পর্যটকদের এই বিপজ্জনক ভবনেই থাকতে হয়। সামনে জাতীয় সংসদ নির্বাচন। ওই সময় নির্বাচনী কর্মকর্তাদের আবাসন নিয়ে উপজেলা প্রশাসন চরম উদ্বেগের মধ্যে রয়েছে। এ বিষয়ে টাঙ্গাইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার স্বপ্না বলেন, জেলার অনেকগুলো ডাকবাংলোর অবস্থা খারাপ। নতুন বাজেট পেলে গোপালপুরকে অগ্রাধিকার দিয়ে ভবন নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে।