মধুপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
মধুপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

টাঙ্গাইল জেলা পুলিশের ডিবি (দক্ষিন) এর অভিযানে আদালত হতে এক বছর তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আজিজুল হক জনি (২৮)। সে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার আশুরা গ্রামের দীন ইসলামের ছেলে।
শুক্রবার (১৬ জানুয়ারি) টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কার্যালয় হতে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় ও ডিবি (দক্ষিন) এর ওসি মোঃ আনওয়ারুল আজিম এর সার্বিক তত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মধুপুর থানাধিন টেংরি (আদালত পাড়া) এলাকায় বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী মোঃ আজিজুল হক জনি (২৮) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীর বিরুদ্ধে মধুপুর থানায় বিজ্ঞ আদালত কর্তৃক প্রদত্ত এক বছর তিন মাসের সাজা সংক্রান্ত ওয়ারেন্ট বর্তমানে মুলতবি অবস্থায় আছে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন পুর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি bahannonews.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।