টাঙ্গাইলে ৮টি আসনে ৪৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
টাঙ্গাইলে ৮টি আসনে ৪৭ প্রার্থীকে প্রতীক বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ৪৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ করা হয়।

এ সময় জেলা রিটার্নিং কর্মকর্তা শরীফা হক দলীয় প্রতীকসহ স্বতন্ত্র সকল প্রার্থীদের প্রতীক প্রদান করেন। তবে আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন।

এ সময় প্রার্থীরা প্রতীক পেয়ে জনকল্যাণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আমরা আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন করেছি। আজ থেকেই সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে। প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, জেলার ৮টি সংসদীয় আসনে ৬৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ২৮ প্রার্থীর মনোনয়ন বাতিল করে জেলা রিটার্নিং কর্মকর্তা। পরবর্তীতে নির্বাচন কমিশনে আপিল করে ১৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। গতকাল মঙ্গলবার ৯ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।