শাহজালালের মাজারে তারেক রহমান, বিএনপির নির্বাচনী প্রচার শুরু
সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপি মিডিয়া সেল
সিলেটে পৌঁছে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯ টার দিকে তিনি হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করতে সেখানে যান তিনি। পরে তিনি ৯ টা ৪০ মিনিটের দিকে হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশ্য রওয়ানা দেন।
এর আগে বুধবার রাত ৭টা ৫৬ মিনিটে আকাশপথে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বিএনপির স্থানীয় নেতারা। পরে হযরত শাহজালাল রহ. দরগাহের উদ্দেশে রওয়ানা হন রাত ৮টা ১৩ মিনিটে।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হন তারেক রহমান।
হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত শেষে তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যাবেন এবং সেখানে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিবেন। আগামীকাল বৃহস্পতিবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তৃতার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
তারেক রহমানের সিলেট আগমনে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আলিয়া মাঠে এরই মধ্যে জড়ো হয়েছেন নেতা-কর্মীরা। সিলেট ও সুনামগঞ্জ জেলার নেতাকর্মীরা জনসভায় অংশ নিতে এবং তারেক রহমানকে একনজর দেখতে প্রত্যন্ত গ্রাম থেকে ছুটে এসেছেন।
জনসভা আয়োজনে প্রস্তুত করা হয়েছে আলিয়া মাদরাসা মাঠ। চারদিকে ব্যানার ফেস্টুনে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। একইসঙ্গে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে সিলেট।
তারেক রহমান সিলেটের জনসভা শেষ করে দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশ করবেন। পথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে একটি সমাবেশে অংশ নেবেন তিনি।






আপনার মতামত লিখুন
Array