মধুপুরে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথীদের প্রীতি সমাবেশ
মধুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সাবেক সাথীদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আয়োজিত প্রীতি সমাবেশে সংগঠনটির বিভিন্ন সময়ের সাবেক দায়িত্বশীল ও সাথীরা অংশগ্রহণ করেন।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আহসান হাবীব ইমরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের এমপি প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারি হোসনি মোবারক বাবুল এবং ঘাটাইল উপজেলা জামায়াতে ইসলামী’র আমীর মোঃ রাসেল মিয়া। এছাড়াও ১০ দলীয় জোটের পক্ষে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (NCP) এর মধুপুর উপজেলা’র মুখ্য সংগঠকসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও পেশাজীবি সেক্রেটারি অধ্যক্ষ মোঃ মোন্তাজ আলী। তিনি টাঙ্গাইল-১ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে সমর্থন জানিয়ে বলেন, “আমরা সবাই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে একটা ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ি এবং একটা আজাদীর বাংলাদেশ গড়ি”।
এছাড়া টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা আব্দুল্লাহেল কাফী বলেন, “একটি ন্যায়ানুগ, ইনসাফপূর্ণ, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করতে চাই”। এছাড়াও তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ আমরা কোনোরকম দুর্নীতির সাথে সম্পৃক্ত হবোনা, দুর্নীতিকে প্রশ্রয় দিবোনা, দুর্নীতিকে এ বাংলায় রাখবোনা ইনশাআল্লাহ”।
অনুষ্ঠানে স্মৃতিচারণ, মতবিনিময় ও প্রীতিভোজের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়।






আপনার মতামত লিখুন
Array