ইউজিসির সঙ্গে মাভাবিপ্রবির ২ কোটি ৪৫ লাখ টাকার চুক্তি সম্পন্ন
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক গবেষণা কার্যক্রমের জন্য ২ কোটি ৪৫ লাখ ২৫ হাজার ৫২০ টাকা অনুদান পেয়েছে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) ইউজিসি আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়।
এই অনুদান ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন (আইসিএসইটিইপি) প্রকল্পের আওতায় ‘গবেষণা ও উন্নয়ন অনুদান’ উপখাত থেকে প্রদান করা হয়েছে। প্রকল্পের মাধ্যমে কৃষিপণ্যের বাজার তথ্য ব্যবস্থাপনা, যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে উন্নত করতে কণ্ঠভিত্তিক ও কথোপকথন-ভিত্তিক AI প্রযুক্তি ব্যবহার করে একটি সমন্বিত প্রযুক্তিগত সমাধান তৈরি করা হবে।
প্রকল্পের প্রধান গবেষক হিসেবে দায়িত্ব পালন করবেন মাভাবিপ্রবির আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজরুল ইসলাম, এবং সহযোগী গবেষক হিসেবে রয়েছেন অধ্যাপক ড. নার্গিস আকতার।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এসএম এ ফায়েজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসির অন্যান্য সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।
মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “এই অনুদান বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে সুসংহত ও গতিশীল করবে। গবেষণাটি সফলভাবে বাস্তবায়িত হলে কৃষিবাজার ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির কার্যকর ব্যবহার সম্ভব হবে।”
উল্লেখ্য, আইসিএসইটিইপি প্রকল্পের মোট বাস্তবায়ন ব্যয় প্রায় ১,৩০০ কোটি টাকা, যার বড় অংশ বহন করছে এডিবি এবং অবশিষ্ট অংশ বাংলাদেশ সরকার।






আপনার মতামত লিখুন
Array