গোপালপুরে বাস থেকে বৃদ্ধ এক যাত্রীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:৪৮ অপরাহ্ণ
গোপালপুরে বাস থেকে বৃদ্ধ এক যাত্রীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের গোপালপুরে যাত্রীবাহী একটি বাস থেকে এক বৃদ্ধ যাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম হারুন অর রশিদ। তার বয়স ৭২ বছর। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কোলাহা গ্রামের বাসিন্দা।

রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় গোপালপুর পৌরসভার বাসস্ট্যান্ডে দ্রুতগামী পরিবহনের একটি বাস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন বিকেলে হারুন অর রশিদ গাজীপুর জেলার কালিয়াকৈর বাসস্ট্যান্ড থেকে গোপালপুরগামী বাসে ওঠেন। সন্ধ্যার দিকে বাসটি গোপালপুর বাসস্ট্যান্ডে পৌঁছালেও তিনি বাস থেকে নামছিলেন না। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাসের সুপারভাইজার তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে বাস মালিকপক্ষ ও গোপালপুর থানা পুলিশকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতর থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধ যাত্রী বাসে থাকা অবস্থায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংবাদটি khabarbangla24.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।