কারাগার থেকে মুক্তি পেলেন স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
কারাগার থেকে মুক্তি পেলেন স্ত্রী-সন্তান হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

যশোর কারাগার থেকে মুক্তি পেয়েছেন স্ত্রী-সন্তান হারানো ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত সংগঠন) বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। বুধবার (২৮ জানুয়ারি) যশোর কারাগার থেকে মুক্তি পান তিনি।

এরআগে গত সোমবার (২৬ জানুয়ারি) হাইকোর্ট মানবিক বিবেচনায় বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ছাত্রলীগ নেতা সাদ্দামকে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে তাঁর স্ত্রী কানিজ সুবর্ণার (২২) ঝুলন্ত মরদেহ এবং তাঁদের ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসানের নিথর দেহ উদ্ধার করে পুলিশ।

পরদিন বিকেলে লাশবাহী গাড়িতে করে দুজনের মরদেহ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাফটকে স্ত্রী-সন্তানের মরদেহ শেষবারের মতো দেখেন সাদ্দাম। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

সংবাদটি starnews.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।