ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো- মুফতি রেজাউল করিম

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ
ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবো- মুফতি রেজাউল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সরকার গঠন করতে পারলে ইসলামী নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হবে, যেখানে দুর্নীতি ও চাঁদাবাজীর কোনো স্থান থাকবে না। তিনি বলেন, বিগত শাসকরা ভালো হলে এ দেশ এতদিনে সোনার খনিতে পরিণত হতো।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, কথা ও কাজে মিল পাওয়া যায় চরমোনাইয়ের ক্ষেত্রে। জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ ১১ দল থেকে বের হয়ে আসার বিষয়ে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্পষ্টভাবে জানিয়েছে তারা শরীয়াহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না, প্রচলিত ব্যবস্থাতেই চলবে। এ বিষয়ে তাদের চিন্তার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের চিন্তার পার্থক্য থাকায় বাধ্য হয়েই আলাদা হতে হয়েছে। তিনি বলেন, ইসলামের পক্ষের একমাত্র বাক্স হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, যার প্রতীক হাতপাখা। ভালো, ইসলাম ও কল্যাণের পক্ষে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
জনসভায় টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়াকে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান পীর সাহেব চরমোনাই।
জনসভায় সভাপতিত্ব করেন হাতপাখার প্রার্থী মোহাম্মদ আখিনুর মিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশের দেলদুয়ার উপজেলা সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাদের মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক ফজলুল করিম মারুফ, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হুসাইন ইবনে সারওয়ার, দেলদুয়ার উপজেলা সভাপতি আব্দুল জাব্বার ও নাগরপুর উপজেলা সভাপতি বাবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি khabarbangla24.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।