ভূঞাপুরে জামায়েত নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
ভূঞাপুরে জামায়েত নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

টাঙ্গাইলের ভূঞাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার সংগঠনিক সম্পাদক রবিউল আলমসহ কয়েকজন নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখা।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরের প্রধান সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি শেষ হলে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের দমন করা যাবে না।

এর আগে বুধবার দুপুরে টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং বিভিন্ন সময়ে দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে এবং দলের নেতাকর্মীদের ওপর একের পর এক হামলা করা হচ্ছে। তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদটি dhakatoday.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।