ঘাটাইলে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রচারণায় মুখর ব্রাহ্মণশাসন বাজার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রাজনৈতিক তৎপরতা ক্রমেই জোরালো হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের নির্বাচনী প্রচারণা আরও বেগবান করেছে।
শুক্রবার বিকেলে উপজেলার ব্রাহ্মণশাসন বাজার এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বর্ণাঢ্য প্রচার মিছিল ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে দলটির মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা রেজাউল করিমের পক্ষে নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন।
প্রচার মিছিলটি ব্রাহ্মণশাসন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় কর্মী-সমর্থকদের কণ্ঠে ‘ভাল নেতা ও ভাল নীতি চাই, তবেই মুক্তি নিশ্চিত হয়’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।
পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, দুঃশাসন ও সামাজিক অবক্ষয় থেকে দেশকে রক্ষা করতে হলে সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে, ইসলামী শাসনব্যবস্থার মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব।
বক্তারা পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা রেজাউল করিমকে একজন নৈতিকতাসম্পন্ন, যোগ্য ও দেশপ্রেমিক ব্যক্তি হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, ঘাটাইলের সার্বিক উন্নয়ন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। এ সময় উপস্থিত জনসাধারণকে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
প্রচারণাকালে ব্রাহ্মণশাসন বাজারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহ লক্ষ্য করা যায়। দলীয় কর্মীরা লিফলেট বিতরণের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন, যা বাজারজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
প্রচারকালে ভোটারদের উদ্দেশে দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে যুবসমাজ রক্ষা এবং সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করে জান-মালের নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
এদিকে ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ধারাবাহিক এই প্রচারণা নির্বাচনী মাঠের উত্তাপ আরও বাড়িয়ে তুলছে। দলীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেন, সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব হবে।






আপনার মতামত লিখুন
Array