ঘাটাইলে সড়কের পাশে পোল্ট্রি বর্জ্য ফেলে পরিবেশ দূষণ, দুর্ভোগে সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ণ
ঘাটাইলে সড়কের পাশে পোল্ট্রি বর্জ্য ফেলে পরিবেশ দূষণ, দুর্ভোগে সাধারণ মানুষ

টাঙ্গাইলের ঘাটাইলে গারোবাজার–সাগরদিঘী আঞ্চলিক মহাসড়কের পাশে পোল্ট্রি খামারের বর্জ্য যত্রতত্র ফেলে রাখার কারণে তীব্র দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। ব্যস্ত এই সড়কের আশপাশে বর্জ্য ফেলার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের দুই পাশে প্লাস্টিকের বস্তায় ভরে সারিবদ্ধভাবে রাখা হয়েছে পোল্ট্রি খামারের বর্জ্য। দীর্ঘদিন ধরে এসব বর্জ্য পড়ে থাকায় পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে অসহনীয় দুর্গন্ধ। এতে নাকে-মুখে হাত দিয়ে সাধারণ মানুষকে চলাচল করতে হচ্ছে।

এই আঞ্চলিক মহাসড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। দিনের বেলায় রোদের তাপে বর্জ্যের গন্ধ আরও তীব্র হয়ে ওঠায় যানবাহনের ভেতরেও যাত্রীরা চরম অস্বস্তিতে পড়ছেন। দুর্গন্ধের কারণে আশপাশের দোকানপাটে ব্যবসা পরিচালনা ও বসতবাড়িতে বসবাস করাও কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, খোলা জায়গায় এভাবে পোল্ট্রি বর্জ্য ফেলার ফলে ক্ষতিকর জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বর্জ্য থেকে নির্গত তরল পদার্থ রাস্তায় ছড়িয়ে পড়ায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। একই সঙ্গে নষ্ট হচ্ছে এলাকার সৌন্দর্য ও স্বাভাবিক পরিবেশ।

এ বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী ফুয়াদ হাসান নিজের দায় স্বীকার করে বলেন, “আমাদের আরও সচেতন হওয়া উচিত ছিল। খুব দ্রুতই এসব বর্জ্য অপসারণ করা হবে।”

এ প্রসঙ্গে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, পরিবেশ দূষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুতই আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হবে।