নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ঘাটাইলে মোবাইল কোর্টের তৎপরতা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ঘাটাইলে মোবাইল কোর্টের তৎপরতা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিয়মিত মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রার্থীদের দ্বারা আচরণবিধি লঙ্ঘনের ঘটনা প্রতিরোধে এ বিশেষ অভিযান পরিচালনা করছেন ঘাটাইলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সম্প্রতি উপজেলার লোকেরপাড়া ও দিগড় ইউনিয়নের বিভিন্ন ভোটকেন্দ্র ও আশপাশের এলাকা সরেজমিন পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোটার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার পাশাপাশি নির্বাচনী বিধিমালা যথাযথভাবে মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তারা বদ্ধপরিকর। নির্বাচনের দিন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।