নির্বাচনকালীন দায়িত্বে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারে টাঙ্গাইলে প্রশিক্ষণ কর্মশালা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:১০ অপরাহ্ণ
নির্বাচনকালীন দায়িত্বে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারে টাঙ্গাইলে প্রশিক্ষণ কর্মশালা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব আরও জোরদার করার লক্ষ্যে নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী সকল অফিসার ও ফোর্সদের জন্য বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় বডি-ওর্ন ক্যামেরা সঠিকভাবে ব্যবহার, সংরক্ষণ, তথ্য ব্যবস্থাপনা এবং দায়িত্ব পালনের সময় এর কার্যকর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বডি-ওর্ন ক্যামেরার গুরুত্ব তুলে ধরা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ (পিপিএম-সেবা)। তিনি নির্বাচনকালীন দায়িত্বে ব্যবহৃত বডি-ওর্ন ক্যামেরার কার্যকারিতা পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণজনিত দক্ষতা মূল্যায়ন করেন।
এ সময় তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের পরিধেয় বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রের সার্বক্ষণিক ভিডিও ধারণ করা হবে। একই সঙ্গে প্রতিটি কার্যক্রম অনলাইনে সরাসরি সম্প্রচারযোগ্য থাকবে এবং ধারণকৃত ভিডিও সংরক্ষণ করা হবে। এসব ভিডিও ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষা, অভিযোগের সঠিক তদন্ত ও যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণ কর্মশালায় সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) আদনান মুস্তাফিজসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এবং নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি khabarbangla24.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।