ঘাটাইলে পুকুরের মাটি বিক্রির অপরাধে ৫০ হাজার জরিমানা
অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ণ
টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরের মাটি ইটভাটায় বিক্রির অপরাধে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দেওপাড়া ইউনিয়নের চাম্বলতলা গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাম্বলতলা গ্রামের আশরাফুল ইসলাম যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত লাইসেন্স ছাড়াই গোপনে পুকুরের মাটি ইটভাটায় বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়।
এ বিষয়ে জাহিদুর রহমান জানান, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।






আপনার মতামত লিখুন
Array