মধুপুরে গারোদের ভূমি সমস্যা সমাধানে পৃথক কমিশনের প্রতিশ্রুতি ডা. কাফীর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
মধুপুরে গারোদের ভূমি সমস্যা সমাধানে পৃথক কমিশনের প্রতিশ্রুতি ডা. কাফীর

মধুপুর বনাঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের দীর্ঘদিনের ভূমি বিরোধ নিরসনে পৃথক ভূমি কমিশন গঠনের আশ্বাস দিয়েছেন টাঙ্গাইল-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ডা. মুহাম্মদ আবদুল্লাহেল কাফী।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে মধুপুর বনাঞ্চলের পীরগাছা এলাকায় গারো হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লীলা কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে বক্তব্যে ডা. কাফী বলেন, তিনি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে মধুপুর বনাঞ্চলের গারো সম্প্রদায়ের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে একটি কালচারাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করবেন।
তিনি আরও বলেন, মধুপুর সমতলের গারো জনগোষ্ঠীর সবচেয়ে বড় সমস্যা হলো ভূমি বিরোধ। এ জটিল সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য একটি পৃথক ভূমি কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক বোরহানুল কবির, মধুপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মো. সবুজ মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রেজুয়ানুল ইসলামসহ পৌর ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, জামায়াতের যুব বিভাগ এবং ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

স্থানীয় গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ এ প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা ভূমি অধিকার ও সাংস্কৃতিক স্বীকৃতির দাবিতে আন্দোলন করে আসছেন। এ ধরনের আশ্বাস তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

সংবাদটি rupalibangladesh.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।