শ্রমিকদের অবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে- ভূঞাপুরে সালাম পিন্টু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
শ্রমিকদের অবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে- ভূঞাপুরে সালাম পিন্টু

‎‎বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নির্বাচিত হলে শ্রমিকদের আর কোনো দুরাবস্থা থাকবে না। সব সমস্যার সমাধান একবারে সম্ভব নয়। তবে ধারাবাহিকভাবে শ্রমিকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। ‎শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা শ্রমিক সংগঠনের আয়োজনে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শ্রমিকদের মধ্যে সবাই এক দলের নয়। কেউ আওয়ামী লীগের, কেউ বিএনপির, আবার কেউ জাতীয় পার্টি বা অন্য দলের। দলমত নির্বিশেষে আপনারা আমাকে ধানের শীষে ভোট দেবেন। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে ভূঞাপুরের শ্রমিকদের অবস্থার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করা হবে।‎ ‎
এর আগে বক্তব্য দেন তার কন্যা ডা. সাফাওয়াত বিনতে সালাম। তিনি বলেন, আমার বাবা নির্বাচিত হলে ভূঞাপুর উপজেলার যে ইউনিয়নে সর্বোচ্চ ভোট পড়বে, সেখান থেকেই উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে। তিনি অতীতেও শ্রমিকদের পাশে ছিলেন, ভবিষ্যতেও পাশে থাকবেন।‎
ভূঞাপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, ভূঞাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন এবং অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার জুলহাস উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদটি tangailnewsbd.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।