মির্জাপুর-৭ আসনের নির্বাচনে বিভিন্ন এলাকায় যৌথবাহিনীর মহড়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, পুলিশ ও র্যাবের গাড়িবহর। সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে যৌথবাহিনী। এর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচন উপলক্ষে তাদের নিরাপত্তা নিশ্চিতের বার্তা।
মির্জাপুর সেনা ক্যাম্পের কমাণ্ডার মেজর হাফিজ আল জূহেব জানান, সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে গাড়ীর মাধ্যমে পেট্রোলিং শুরু হয়। শান্তিপূর্ণভাবে একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে এবং ভোটারদের আশ্বস্ত করতেই বিশেষ এই পেট্রোল পরিচালনা করা হয়েছে।
ভোটারদের উদ্দেশ্যে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সুরাইয়া ইয়াসমিন জানান, আপনারা নিশ্চিন্ত মনে ভোটকেন্দ্রে আসুন, নিরাপত্তায় আমরা সজাগ রয়েছি। ভোটারদের কারো মনে যেন ভয়-ভীতি সৃষ্টি না হয়। তাদের বোঝাতে চাই যে, আমরা সব বাহিনী স্বচ্ছ ভোট গ্রহণের জন্য প্রস্তুত রয়েছি।
এ সময় সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) আদনান মুস্তাফিজ, মির্জাপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন, বিজিবির নায়েক সুবেদার ওহাব আলী, র্যাব সিপিসি-১৪’র ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেনসহ অংশগ্রহণকারী বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।








আপনার মতামত লিখুন
Array