ভোট দিয়ে ঈদ মোবারক বললেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
ভোট দিয়ে ঈদ মোবারক বললেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে অভিবাদন জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এর মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে তিনি এ অভিবাদন জানান।

প্রধান উপদেষ্টা বলেন, আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারাদিনব্যাপী আমরা এই জন্মদিন উৎসব পালন করব। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। এসময় তিনি সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে অভিবাদন জানান।

তিনি বলেন, এটার মাধ্যমে আজকে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সে অংশ থেকে আমরা সম্পূর্ণরূপে আজকে থেকে প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।
ড. ইউনূস বলেন, আজকে জন্মদিন পালন করি আমরা, সারাদিনব্যাপী উৎসব করি। সবাই মিলে জাতি হিসেবে উৎসব করি। এবং এটা নিশ্চিত হবে—গণভোটটা দিয়ে, প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম সেটাও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু গণভোটটা খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে।
জনগণকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেবার জন্য, যাতে করে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।

সংবাদটি starnews.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।