মধুপুরে ছাত্রদল নেতাকে ঘিরে বিতর্ক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
মধুপুরে ছাত্রদল নেতাকে ঘিরে বিতর্ক

ভোটকেন্দ্রের গোপন কক্ষে মোবাইল ফোন নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও মধুপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবির হাসান অন্তর মোবাইল নিয়ে ভোট প্রদান করে ব্যালটের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন এমন অভিযোগ উঠেছে।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার আউশনাড়া ইউনিয়নের ভোটকেন্দ্রে তিনি ভোট দিতে যান। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভোটের গোপনীয়তা রক্ষা ও অনিয়ম ঠেকাতে গোপন কক্ষে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করেন।
অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ছাত্রদল নেতার নির্দেশনা উপেক্ষা করে মোবাইল ফোন সঙ্গে নিয়ে গোপন কক্ষে প্রবেশ করেন। সেখানে ভোট দেওয়ার সময় ব্যালট পেপারের ছবি তুলে তা নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।
ফেসবুকে পোস্ট করা ছবিটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় ভোটার ও বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই প্রশ্ন তুলেছেন ভোটের গোপনীয়তা ও আচরণবিধি লঙ্ঘনের এ ঘটনায় প্রশাসন কী ব্যবস্থা নেবে।
নির্বাচনি আইন অনুযায়ী, ভোটকেন্দ্রের গোপন কক্ষে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন ও ছবি তোলা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড ভোটের গোপনীয়তা নষ্ট করে এবং নির্বাচনি পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে বলে নির্বাচন সংশ্লিষ্টরা মনে করছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে বক্তব্য পাওয়া যায়নি। তবে দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি rupalibangladesh.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।