দুর্গ হারাল জাতীয় পার্টি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
দুর্গ হারাল জাতীয় পার্টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে একটি আসনও পায়নি জাতীয় পার্টি। এমনকি জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত রংপুরে দলটির চেয়ারম্যান জিএম কাদেরেরও শোচনীয় পরাজয় হয়েছে। প্রতিদ্বন্দ্বীতায় তিনি হয়েছেন তৃতীয়। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো সংসদে অস্তিত্ব শূণ্য হলো জাতীয় পার্টি। সেই সাথে অবসান হলো রংপুরে দলটির দীর্ঘ ৩৮ বছরের রাজত্বের।

জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে খ্যাত রংপুর। এক সময় দলটির প্রার্থীরা রংপুর বিভাগের প্রায় সবকটি আসনে জয়লাভ করতেন। কালের বিবর্তনে জাতীয় পার্টির আসন সংখ্যা কমতে থাকে।

পর্যালোচনা করে দেখা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি আসনের মধ্যে দলটি রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) ও রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনটি ধরে রাখে।

রংপুর জেলার প্রাণকেন্দ্র রংপুর-৩ আসনে দলের চেয়ারম্যানরা নির্বাচন করে থাকেন। দ্বাদশ জাতীয় সংসদে শুধুমাত্র রংপুর-৩ সদর আসনে জয়ী হন দলের চেয়ারম্যান জিএম কাদের। গণঅভ্যূত্থানের পর থেকে আওয়ামী লীগের দোসর তকমা পেয়ে রাজনীতিতে কোনঠাসা হয়ে পড়ে জাতীয় পার্টি।

সংকটের মাঝেও এবার জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশগ্রহণ করে রংপুরের ৬টি আসনে প্রার্থী দেয়। কিন্তু মনোনয়নের বৈধতা নিয়ে রংপুর-১ আসনে দলের প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী ভোটের মাঠ থেকে ছিটকে পড়েন। দলের দূর্গ রংপুর-৩ আসন থেকে এবারও চেয়ারম্যান জিএম কাদের প্রতিদ্বন্দ্বীতা করেছেন। কিন্তু বৃহস্পতিবার ভোট গ্রহণ শুরু হলে ঘরকোনে হয়ে পড়েন জিএম কাদের। প্রতিবার বাড়ির পার্শ্ববর্তী কেন্দ্রগুলো পরিদর্শন করে ভোটারদের সাথে কুশল বিনিময় করতেন। কিন্তু বৃহস্পতিবার কোনও কেন্দ্রে যাননি তিনি। রাতে বেসরকারি ফলাফলে শোচনীয় পরাজয় ঘটে জাতীয় পার্টির।

নির্বাচনের পরাজিত হওয়ার পর দলের চেয়ারম্যান জিএম কাদের শুক্রবার বিমানযোগে ঢাকায় ফিরে গেছেন। জাতীয় পার্টির শোচনীয় পরাজয় নিয়ে দলের চেয়ারম্যান জিএম কাদেরসহ একাধিক নেতার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি।

রংপুর-৪ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “এই নির্বাচনে আওয়ামী লীগ যেমন নাই হয়ে গেছে। তেমনি জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখান করেছে। এটি আরেকটি বিজয় হয়েছে।”