টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)এমপি লাভলু: জনগণের সেবক হয়ে কাজ করতে চাই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
টাঙ্গাইল-৬  (নাগরপুর-দেলদুয়ার)এমপি লাভলু: জনগণের সেবক হয়ে কাজ করতে চাই

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেছেন, তিনি এমপি হিসেবে নয়, এলাকার সর্বস্তরের মানুষের সেবক হিসেবে কাজ করতে চান। হিংসা-বিদ্বেষ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর হাত আরও শক্তিশালী হবে।

রোববার সকালে নিজ বাসভবনে নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন
নাগরপুর ও দেলদুয়ারের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, যারা তাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি—সবার প্রতিই তার ব্যক্তিগত ও দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ ও শুভেচ্ছা রয়েছে।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে গত ১৮ বছর এলাকায় দল ঐক্যবদ্ধ ছিল, যার প্রতিফলন দেখা গেছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে। এই বিজয় সাধারণ মানুষ, তৃণমূল নেতাকর্মী এবং দলের সবার সম্মিলিত প্রচেষ্টার ফল বলেও উল্লেখ করেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে রবিউল আওয়াল লাভলু বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা কঠিন। তাই শিষ্টাচার ও সহনশীল আচরণের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, হোসেন আলী মনসুর, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান এবং ছাত্রদলের আহ্বায়ক মীর মাহবুব রাসেলসহ স্থানীয় নেতারা।

সংবাদটি khabarbangla24.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।