সখীপুরে বিধবা, প্রতিবন্ধী ও কিডনী রোগির ৬ গরু চুরি
টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলাপ্রতিমা মধ্যপাড়া এলাকায় এক রাতেই তিনটি অসহায় পরিবারের ছয়টি গরু চুরি হয়েছে। এ ঘটনায় এলাকায় গভীর উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে সংঘটিত এ ঘটনায় ওই এলাকার অসহায় তিনটি পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে বিধবা মজিরন বেগমের একটি গাভী ও একটি ষাঁড়, একই এলাকার দৃষ্টিপ্রতিবন্ধী শাকিল মিয়ার দুটি এবং কিডনি রোগী জয়নাল আবেদীনের গোয়ালঘর থেকে আরও দুটি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র। রাতের আঁধারে গোয়ালঘরের তালা কেটে গরুগুলো নিয়ে যাওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।
বিধবা মজিরন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, গরু দুটিই ছিল সংসারের একমাত্র উৎস। আনুমানিক প্রায় দুই লাখ টাকা মূল্যের গরু হারিয়ে তিনি এখন দিশেহারা। দৃষ্টিপ্রতিবন্ধী শাকিল মিয়া বলেন, প্রতিবন্ধী ভাতার টাকা জমিয়ে কষ্ট করে গরু কিনেছিলাম। এক রাতেই সব হারিয়ে এখন আমি নিঃস্ব।
অন্যদিকে কিডনি রোগে আক্রান্ত জয়নাল আবেদীন জানান, গরুর দুধ বিক্রি করে সংসার চলতো। এ ছাড়া অতিরিক্ত টাকা দিয়ে টুকটাক ওষুধ কিনে কোনো রকমে বেঁচে আছি। এখন কি করব বুঝতে পারছিনা!
ঘটনার পর থেকে স্থানীয় খামারিদের মধ্যে নিরাপত্তাহীনতা ও শঙ্কা বিরাজ করছে। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, এসব বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।








আপনার মতামত লিখুন
Array