১০ লাখের বেশি পরিবার রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস পাবে : টুকু
পবিত্র রমজান মাসে দশ লাখেরও বেশি পরিবার সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন বলে জানিয়েছেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে শহীদ স্মৃতি পৌর উদ্যানে পবিত্র রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন কালে তিনি এসব বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘গরুর মাংস জেলা পর্যায়ে বাজারে ৭৫০ টাকা কেজি মূল্যে বিক্রি হচ্ছে, আমরা নির্ধারণ করেছি ৬৫০ টাকা কেজি। ডিমের দাম আমরা সাত টাকায় নির্ধারণ করেছি, ঢাকায় যেখানে দাম ৮ টাকা। আমরা প্রতিটি জিনিসই জেলার বাজারমূল্যের চেয়ে কম মূল্যে সরবরাহ করছি। মূলত নিম্ন আয়ের ও প্রান্তিক মানুষদের সহজলভ্য করতে, রোজার সময় তাদের প্রোটিন ও ভালো খাবারের প্রয়োজন মেটাতে আমরা এই উদ্যোগ নিয়েছি। সারা দেশে মাসব্যাপী এই কার্যক্রম চলবে। প্রায় দশ লাখেরও বেশি পরিবারের কাছে আমরা ন্যায্য মূল্যে বিতরণ করব। এতে বাজারও কিছুটা নিয়ন্ত্রণে থাকবে এবং অসাধু ব্যবসায়ীদের কার্যক্রম নিয়ন্ত্রণে আসবে।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই বাংলাদেশ সমৃদ্ধশালী হোক, যেখানে সব শ্রেণির মানুষ তাদের খাদ্য অধিকার পাবে। এ জন্য আমাদের এই উদ্যোগ। সবার সহযোগিতা কামনা করছি। আমরা পর্যায়ক্রমে এর পরিমাণ আরও বাড়াব, ইনশাল্লাহ। পোল্ট্রি শিল্পকে টিকিয়ে রাখার জন্য তাদের সমস্যাগুলো শুনে পদক্ষেপ নেব, যাতে তারা ক্ষতিগ্রস্ত না হয় এবং শিল্পটি টিকে থাকে।’
অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃষি প্রজনন পরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান তুহিন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হেলাল উদ্দিন খান প্রমুখ।








আপনার মতামত লিখুন
Array