সখীপুরে লেবুর বাম্পার ফলন, রমজানে ৪ লাখ টাকা বিক্রির আশা
টাঙ্গাইলের সখীপুরে প্রতিবন্ধী কৃষক রানা হামিদের বাগানে লেবুর বাম্পার ফলন হয়েছে। পবিত্র রমজান মাসে তিনি প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার লেবু বিক্রির আশা করছেন। রানা হামিদের এই সফলতা দেখতে প্রতিদিন অনেক মানুষ তাঁর বাগানে ভিড় করছেন। উপজেলার প্রতিমা বঙ্কি পূর্বপাড়া গ্রামে ৫ একর জমিতে তিনি এই বিশাল বাগান গড়ে তুলেছেন।
রানা হামিদ প্রথমে মাত্র ২ একর জমিতে লেবু চাষ শুরু করেছিলেন। প্রথম পর্যায়ে ভালো ফলন পাওয়ায় তিনি প্রতি বছর আবাদের পরিধি বাড়াতে থাকেন। তাঁর বাগানের লেবু সুস্বাদু ও প্রচুর রসযুক্ত হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। রানা হামিদের সফলতা দেখে এলাকার অনেক বেকার তরুণ এখন লেবু চাষে আগ্রহী হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সখীপুর পাহাড়ি এলাকা হওয়ায় এখানকার লাল মাটি ও আবহাওয়া লেবু চাষের জন্য অত্যন্ত উপযোগী। রানা হামিদের মতো অনেক চাষিই এখানে লেবু আবাদ করে লাভবান হচ্ছেন। সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পেলে এই অঞ্চলের লেবু দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব হবে বলে তাঁরা মনে করেন।
কৃষক রানা হামিদ বলেন, প্রায় ১০ বছর আগে লেবুর চাষ শুরু করি। বর্তমানে প্রতি বছর ৮ থেকে ১০ লাখ টাকার লেবু বিক্রি করছি। এবার রমজানে লেবুর ভালো দাম পাওয়া যাচ্ছে। পুরো মাসে ৩ থেকে ৪ লাখ টাকার লেবু বিক্রির সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এই বাগানের আয়েই আমার সংসারের যাবতীয় খরচ চলে। আমি মূলত সিডলেস জাতের লেবুর চাষ করেছি। লেবু চাষে পরিচর্যা ও রোগবালাইয়ের ঝামেলা খুব একটা নেই। এছাড়া একবার গাছ লাগালে দীর্ঘ সময় ধরে ফলন পাওয়া যায়। তাঁর বাগানে বর্তমানে দুজন কর্মচারী নিয়মিত কাজ করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মণ জানান, সখীপুরে এবার ১৫০ হেক্টর জমিতে লেবুর চাষ হয়েছে। রমজানে চাহিদা বেশি থাকায় চাষিরা ভালো দাম পাচ্ছেন। রানা হামিদের ৫ একরের বাগানে ফলন অত্যন্ত ভালো হয়েছে এবং কৃষি বিভাগ থেকে তাঁকে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।








আপনার মতামত লিখুন
Array