মির্জাপুরে ক্লাসে স্পর্শকাতর বিষয়ে আলোচনা করতেন অধ্যক্ষ, অভিযোগ শিক্ষার্থীদের
টাঙ্গাইলের মির্জাপুরে ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজী হান্নানের বিরুদ্ধে যৌন হয়রানি, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (২১ মে) সকালে কলেজ সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধল্যা এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
এতে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অংশ নেন।
প্রতিষ্ঠানের কয়েকজন নারী শিক্ষার্থী অভিযোগ করে বলেন, অধ্যক্ষ বিভিন্ন সময় হোমিওপ্যাথি ওষুধ নিয়ে ক্লাসে আলোচনা করার নামে কৌশলে অস্বস্তিকর ও স্পর্শকাতর বিষয়ে কথা বলতেন। এমনকি এক নারী সহকর্মী শিক্ষিকার বাসায় ঢুকে তার সঙ্গে আপত্তিকর আচরণ করেন বলে তারা অভিযোগ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, অধ্যক্ষ কাজী হান্নানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অনিয়ম ও অসদাচরণ করে চলছিলেন।
এ অভিযোগে প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মচারীরা তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে অ্যাডহক কমিটির কাছে লিখিত আবেদন করেছিলেন। এতে তিনি বিভিন্ন সময় ক্ষমা চেয়ে দায় এড়িয়ে গেলেও তার অসদাচরণে কোনো পরিবর্তন আনেননি।
তারা আরো অভিযোগ করেন, অধ্যক্ষ বিভিন্ন সময় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেছেন। এসব অভিযোগ নিয়ে একাধিকবার স্কুল কমিটির সঙ্গে বৈঠক হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
ফলে বাধ্য হয়ে রাজপথে নেমেছেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া অভিভাবক খন্দকার আহমিদুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের আচরণে আমরা ক্ষুব্ধ। তার এমন জঘন্য আচরণ দিন দিন বেড়েই চলেছে। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ সমাজের জন্য ভালো কিছু আসা করা যায় না। আমরা অবিলম্বে এই অধ্যক্ষের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক বিচার চাই।
ড. আয়েশা রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজী হান্নান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে একটি চক্র কাজ করছে। চক্রান্ত করে তারা আগেও সফল হয়নি, এখনো হবে না।
মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার বলেন, কাজী হান্নানের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ছিল। সেই অভিযোগের ভিত্তিতে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে। অধ্যক্ষ ওই বরখাস্তের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে কাজে যোগদানের অনুমতি দেয়। বুধবার তিনি কলেজে যোগদান করতে গেলে বাধা দেওয়া হয় এবং বৃহস্পতিবার তার বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ হয়েছে বলে তিনি জানান।






আপনার মতামত লিখুন
Array