স্বেচ্ছাসেবক দলের নেতার হামলাকে জামায়াত নেতার হামলা বলে প্রচার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
স্বেচ্ছাসেবক দলের নেতার হামলাকে জামায়াত নেতার হামলা বলে প্রচার

ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট থেকে একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে, চাঁদা না দেওয়ায় জামায়াত নেতার নেতৃত্বে দোকানে হামলা করা হয়েছে। তবে যাচাই করে দেখা যায়, হামলার এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি জামায়াত নেতা নন; বরং তিনি বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

রিভার্স ইমেজ সার্চে ইন্ডিপেনডেন্ট টিভির ফেসবুক পেজে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিওটির শুরুর দৃশ্যের সঙ্গে ‘চাঁদা না দেওয়ায় জামায়াত নেতার নেতৃত্বে দোকানে হামলা’ দাবিতে প্রচারিত ফটোকার্ডগুলোর মিল পাওয়া যায়। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, এটি পটুয়াখালীর কুয়াকাটার ঘটনা। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি স্বেচ্ছাসেবক দলের নেতা।

এছাড়াও, একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে হামলা-ভাঙচুর ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা মাকসুদ আকনকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়েছে।