মধুপুরে ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
মধুপুরে ইরানে আমেরিকা ও ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ

টাঙ্গাইলের মধুপুরে ইরানে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মধুপুর বাসস্ট্যান্ড এলাকার আনারস চত্বরে ‘মধুপুর উপজেলা তৌহিদী জনতা’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তারা ইসরায়েল ও আমেরিকার সাম্রাজ্যবাদী ও ধ্বংসাত্মক আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। তাঁরা আগ্রাসী এই রাষ্ট্রগুলোর সকল পণ্য বর্জনের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বলে জানা গেছে।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধুপুর উপজেলা শাখার আহ্বায়ক সবুজ মিয়া। এছাড়া আয়োজকদের মধ্যে মো. রাকিব হোসেন, ফায়সাল আহমদ, আব্দুল্লাহ, আব্দুর রাহমান ও মাইমুন আহমাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইরানের ওপর এই হামলা বিশ্বশান্তির জন্য চরম হুমকি। সাম্রাজ্যবাদী শক্তিগুলো মুসলিম দেশগুলোকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে এই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে তাঁরা উল্লেখ করেন।

কর্মসূচির শেষ পর্যায়ে আমেরিকা ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও অন্যান্যদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাতে উপস্থিত জনতা মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদটি amarsangbad.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।