টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনা নিয়ে কথা বলায় ছাত্র ফেডারেশনের নেত্রী অবরুদ্ধ
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়ে জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথিকে অবরুদ্ধ ও শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার সকালে স্ট্রোকের এক রোগীর খোঁজ খবর নিতে হাসপাতালে যান ফাতেমা রহমান বীথি। এক পর্যায়ে অব্যবস্থাপনা নিয়ে কথা বলায় বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফাতেমা রহমান বীথি বলেন, আমি এক ব্রেন স্ট্রোক করা রোগীর খোঁজখবর জানতে এক চিকিৎসকের কাছে গিয়েছিলাম। তিনি এক ইন্টার্ন চিকিৎসকের সাথে যোগাযোগ করতে বলেন। এক পর্যায়ে তিনি উচ্চস্বরে কথা বলতে থাকেন। ইন্টার্ন চিকিৎসকদের ডেকে ভিডিও করতে বলেন। এক পর্যায়ে তারা আমাকে অবরুদ্ধ করে রাখেন। দিপু নামের এক ইন্টার্ন চিকিৎসক আমার গায়ে হাত তুলেছেন।
তিনি আরও বলেন, আমি টাঙ্গাইলের একজন সচেতন নাগরিক। যেখানে জনগণের টাকায় সরকারি কর্মচারীদের বেতন হয়। সেখানে অব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে গেলেই অবরুদ্ধ হতে হয়, লাঞ্ছিত হতে হয়। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুছ বলেন, দুপুরে প্রশাসনের সহযোগিতায় বিষয়টি সমাধান করা হয়েছে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল। কোনো পুরুষ ইন্টার্ন চিকিৎসক গায়ে হাত দিলে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।








আপনার মতামত লিখুন
Array