ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেপ্তার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার প্রধান অসামি ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীরকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।
রোববার (৮ মার্চ) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এই তথ্য নিশ্চিত করেছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। গত ১২ ডিসেম্বর ঢাকায় গুলিবিদ্ধ হন হাদি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সরকারি উদ্যোগে সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তার স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে সরকার।
পুলিশ তদন্তে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনসহ অনেকের নাম সামনে আসে।
হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া যায়। ২৩ ডিসেম্বর আদালত ব্যাংক ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। সেদিনই ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
প্রাথমিকভাবে পাওয়া এ তথ্যের ভিত্তিতে ফয়সাল করিমের বিরুদ্ধে অর্থ পাচার সংক্রান্ত পৃথক অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডি।

সংবাদটি starnews.com.bdওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।