ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়গুলোকে বিশেষ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
সচিব বলেন, ‘দেশের চলমান ও পূর্ববর্তী সব ধর্ষণ মামলার বিচার দ্রুত নিশ্চিতে মন্ত্রিসভা স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই অপরাধ নির্মূলে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে সঙ্গে নিয়ে একটি ‘স্পেশাল ড্রাইভ’ (বিশেষ পদক্ষেপ) নেওয়ার কথা বলা হয়েছে’। তিনি বলেন, সমাজ থেকে এই ব্যাধি দূর করতে এবং দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
মামলার প্রক্রিয়া ব্যাখ্যা করেন মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ যেকোনো মামলায় অনেকগুলো এজেন্সি জড়িত থাকে। তাহলে এদের ভেতরে কো-অর্ডিনেশনটা আরও জোরদার করা এবং অ্যাডভোকেসি করা, পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস আনা, সেই জিনিসগুলো ক্রিয়েট করা এবং যাতে ইনস্টিটিউশন শক্তিশালী হয়, রাষ্ট্র হিসেবে যাতে আমরা শক্তিশালী হতে পারি, অন্তত এই ক্ষেত্রে, আইন প্রয়োগের ক্ষেত্রে। বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে, নারী-নারীদের প্রতি যে সহিংসতা হয় সেগুলোর ক্ষেত্রে।
মামলাগুলো নিষ্পত্তিতে প্রক্রিয়া জানিয়ে নাসিমুল গনি বলেন, সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত বিচারের জন্য আমাদের প্রত্যেকটা জেলায় একটি করে আলাদা কোর্ট আছে। সেগুলোর প্রাতিষ্ঠানিক কাঠামো আরেকটু শক্তিশালী করতে হবে। দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কৃষি মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সচিব বলেন, ছুটির মধ্যেও ত্রাণ প্যাকেজ দেওয়ার জন্য জেলা প্রশাসকদের ইতিমধ্যে বলা হয়েছে। এ ছাড়া আর কী সহযোগিতা লাগবে, তা দেওয়া হবে।
এ ছাড়া বৈঠকে চলতি বছরের ও গত বছরের বাজেটসংক্রান্ত দুটি আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। মূলত এগুলো আগেই হয়েছে। এখন নিয়ম অনুযায়ী আইন করার জন্য মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়েছে।
পহেলা বৈশাখে টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ শুরু : আগামী পহেলা বৈশাখে টাঙ্গাইল থেকে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন তিনি টাঙ্গাইল সদর উপজেলায় কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ করবেন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রি-পাইলটিং প্রকল্পের আওতায় এই কার্ড বিতরণ করতে যাচ্ছে সরকার। গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষক কার্ড প্রণয়ন সংক্রান্ত সেলের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বৈঠক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী বলেছেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কৃষক কার্ড চালুর মূল উদ্দেশ্য প্রকৃত কৃষকরা যেন সার, বীজ, কীটনাশক এবং সরকারি আর্থিক সহায়তা কোনো ধরনের মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই সরাসরি পান, তা নিশ্চিত করা। এ জন্য দ্রুততম সময়ের মধ্যে নির্ভুল ডেটাবেজ তৈরির কাজ সম্পন্ন করে কৃষকদের হাতে এই স্মার্ট কার্ড তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।এদিকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, পয়লা বৈশাখে টাঙ্গাইল সদরসহ মোট ১১ উপজেলায় একযোগে এই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে এসব উপজেলার ২১ হাজার ৫০০ কৃষকের কাছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ সহায়তা পৌঁছে যাবে। এই কার্ড কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের চাষি ও খামারিদের দেওয়া হবে। এটি ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবে কাজ করবে। শুধু ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র শ্রেণির কৃষককে কৃষি উপকরণ ক্রয়ের জন্য প্রণোদনা হিসেবে বছরে আড়াই হাজার টাকা দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে কৃষকরা সার, বীজ, কীটনাশক ও পশু খাদ্য ক্রয় করতে পারবেন।
টাঙ্গাইল ছাড়া অন্য উপজেলাগুলো হলো পঞ্চগড়ের কমলাপুর ও বোদা, বগুড়ার শিবগঞ্জ, ঝিনাইদহের শৈলকূপা, পিরোজপুরের নেছারাবাদ, কক্সবাজারের টেকনাফ, কুমিল্লার আদর্শ সদর, জামালপুরের ইসলামপুর, রাজবাড়ীর গোয়ালন্দ ও মৌলভীবাজারের জুড়ি।
সূত্র জানায়, প্রস্তাবিত কৃষক কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের একটি নির্ভরযোগ্য পরিচিতি নিশ্চিত করা যাবে। পাশাপাশি কৃষি ভর্তুকি, ঋণ সুবিধা, বীজ ও সার বিতরণসহ বিভিন্ন সরকারি সহায়তা আরো স্বচ্ছ ও কার্যকরভাবে দেওয়া সম্ভব হবে। বৈঠকে ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার নিয়েও আলোচনা হয়।
বৈঠকে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশীদ ইয়াসিন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকাকে পরিচ্ছন্ন নগরী গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ : এর আগে প্রধানমন্ত্রী সচিবালয়ে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন নিয়ে বুয়েটের বিশেষজ্ঞ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে নিয়ে বৈঠক করেন। এতে রাজধানীকে পরিচ্ছন্ন মহানগরী করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশেনের প্রশাসকদের নির্দেশনা দেন। পাশ্পাাশি বজ্য অপসারণে যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কিনা প্রধানমন্ত্রী সে পরামর্শ দিয়েছেন।
ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য যারা কাজ করে তাদের প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে ঈদ বোনাস দিয়েছেন। এ সময় বর্জ্য ব্যবস্থাপনায় যেসব যন্ত্রপাতি দরকার তা আমদানি না করে দেশে বুয়েটের সহযোগিতায় করা যায় কিনা সে নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞদের। তিনি বলেন, ‘সিটি করপোরেশনের জন্য থোক বরাদ্দ এখনও পাইনি। রাজস্ব বাড়াতে চেষ্টা চলছে।
ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, রাস্তা ঘাটের উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করবো। মশা নিধনে নানা কার্যক্রম নেওয়া হয়েছে। শুধু ওষুধে কাজ হবে না। খাল পরিষ্কার করছি। বর্ষার আগে মশা অনেকটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করি।
বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এহসান বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনা অটোমেশন-পরিবহণ ব্যবস্থায় উন্নয়নে ইলেক্ট্রনিক থ্রি হুইলারে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। পরিবহন যন্ত্র আমদানির চেয়ে দেশে তৈরির কথা বলেছেন।
এদিকে গতকাল মঙ্গলবার পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি থাকলেও সকাল ১১টা থেকে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সকালে সচিবালয়ে এসে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। পরে মন্ত্রিসভার বৈঠক করেন। এর আগে প্রধানমন্ত্রী সচিবালয়ের এক নম্বর ভবনে নিজ দপ্তরে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।






আপনার মতামত লিখুন
Array