‎ঘাটাইলে পুলিশের সফল অভিযান: পিতৃহত্যার আসামি গ্রেফতার,বিশেষ অভিযানে মাদকসহ আটক-১২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
‎ঘাটাইলে পুলিশের সফল অভিযান: পিতৃহত্যার আসামি গ্রেফতার,বিশেষ অভিযানে মাদকসহ আটক-১২

‎টাঙ্গাইল জেলায় পৃথক ঘটনায় একদিকে পারিবারিক বিরোধে পিতাকে হত্যার অভিযোগে পলাতক ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ, অন্যদিকে জেলা জুড়ে বিশেষ অভিযানে ১২ জনকে আটক ও মাদক উদ্ধার করা হয়েছে।
‎ঘাটাইল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধ পিতা আরশেদ আলী (৮০) কে নির্মমভাবে হত্যার ঘটনায় তার ছেলে মোঃ আসলাম শেখ (৩২) কে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। গ্রেফতারের পর আসামি আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
‎জানা যায়,গত ২২ নভেম্বর-২০২৫ সকালে ঘাটাইল থানার রসুলপুর ইউনিয়নের রসুলপুর হামকুড়া (চৌরাস্তা) গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিদিনের মতো ওইদিন সকাল ৯ টার দিকে নিজ আবাদি জমিতে রোদ পোহাতে বসেছিলেন আরশেদ আলী। এর আগে থেকেই টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে ছেলে আসলাম শেখের সঙ্গে তার বিরোধ চলছিল।
‎ঘটনার দিন সকাল সাড়ে ৯ টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে আসলাম শেখ পেছন দিক থেকে প্রায় ৩ ফুট লম্বা বাঁশের গোড়ালি দিয়ে তার পিতার মাথায় পরপর কয়েকটি আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আরশেদ আলী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে মোছাঃ আছমা বেগম বাদী হয়ে ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের করেন (এফআইআর নং-২৬, তারিখ:-২২/১১/২০২৫, ধারা-৩০২,পেনাল কোড ১৮৬০)। ঘটনার পর থেকেই পলাতক থাকা আসামিকে গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে আসছিল। অবশেষে ২৩ মার্চ-২০২৬ রাত ১২টা ৪৫ মিনিটে রসুলপুর ইউনিয়নের আমতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খানের তত্ত্বাবধানে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোঃ মোকছেদুর রহমানের নেতৃত্বে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে। পরে আদালতে প্রেরণ করা হলে আসামি দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। অন্যদিকে,টাঙ্গাইল জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি,নিয়মিত মামলার আসামি এবং মাদক ব্যবসায়ী রয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার সকল থানা ও ইউনিটের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি sorejominbarta.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।