মোবাইল কোর্টে জরিমানা

ঘাটাইলে ফিলিং স্টেশনে তদারকি, জ্বালানি সংকট

নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল (টাঙ্গাইল):
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
ঘাটাইলে ফিলিং স্টেশনে তদারকি, জ্বালানি সংকট

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঘাটাইল-সাগরদিঘী-ভালুকা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন বিভিন্ন ফিলিং স্টেশনে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ ২০২৬) এ পরিদর্শন কার্যক্রম চালানো হয়।

অভিযান পরিচালনা করেন ঘাটাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পরিদর্শনকালে মহাসড়ক সংলগ্ন ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট লক্ষ্য করা যায়। ম্যাজিস্ট্রেট জানান, সাধারণ গ্রাহকদের জন্য বিক্রয়যোগ্য এসব জ্বালানির কোনো মজুদ পাওয়া যায়নি। এ বিষয়ে ফিলিং স্টেশন মালিকরা জানান, ডিপো থেকে তেল সরবরাহের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুতই সংকট কেটে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে, ফিলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে এক ব্যক্তিকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারা অনুযায়ী ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং বাজার ও জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।