মধুপুরের সেই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ
মধুপুরের সেই চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে বিনা ছুটিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।
মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সহকারী সার্জন ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম খোকনকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি মধুপুর উপজেলার ১০০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ডেপুটেশনে মেডিকেল অফিসার পদে কর্মরত। সম্প্রতি তিনি ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তার পদ থেকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেপুটেশনে এসেছেন।
শোকজে উল্লেখ করা হয়, গত শনিবার (৪ এপ্রিল) তিনি কোনো প্রকার অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার অনুপস্থিতির কারণে পুরুষ ওয়ার্ডের রাউন্ড এবং অপারেশন থিয়েটারে অজ্ঞান (অ্যানেস্থেসিয়া) প্রদানসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হয়।
এতে আরও বলা হয়, তিনি মৌখিকভাবে ১ এপ্রিল ছুটি নেওয়ার বিষয়ে অবহিত করলেও পরবর্তীকালে কোনো লিখিত আবেদন দাখিল করেননি। নির্ধারিত দিনে অপারেশনে দায়িত্ব পালন করতে পারবেন না এ বিষয়েও কর্তৃপক্ষ বা অপারেশন টিমকে অবহিত করেননি।
এদিকে ২ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের সব চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীর নৈমিত্তিক এবং অর্জিত ছুটি স্থগিতের নির্দেশনা জারি করা হয়। যা সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছিল। তবুও তিনি উক্ত নির্দেশনা অমান্য করে পিকনিক প্রোগ্রামে অংশগ্রহণ করেন বলে শোকজে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় গত ৫ এপ্রিল শীর্ষ একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় ‘বিনা ছুটিতে বিনোদন সফরে ডাক্তার, মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রমে বিঘ্ন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যা স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান শোকজ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিভিল সার্জনের নির্দেশিত শোকজে প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার বিষয়ে কেন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার সন্তোষজনক জবাব আগামী তিন কর্মদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

সংবাদটি rupalibangladesh.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।