মধুপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
মধুপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন। মধুপুর উপজেলা প্রশাসন আয়োজিত এই মেলায় পৃষ্ঠপোষকতা করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তফা হোসাইন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি কর্মকর্তা আবরারুল হক শিমুল, বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, মধুপুর থানার অফিসার ইনচার্জ ফজলুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স ও সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মোতালিবসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মহি উদ্দিন আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী পর্ব শেষে আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজস্ব উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করছে। প্রদর্শনীতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতা দেখে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার। মেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সুধীমহল উপস্থিত ছিলেন।

সংবাদটি amarsangbad.comওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। তথ্যের সঠিকতা ও মালিকানা বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে মূল সূত্রের সঙ্গে যোগাযোগ করুন।